বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী
বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হুন্ডি প্রতিরোধ, ব্যাংকিং লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ইতিবাচক প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে।
বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার।
বর্তমান সরকারের বিভিন্ন সময়োপযোগী উদ্যোগের ফলে ২০২৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত হিসাবে বাংলাদেশের রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, এ প্রধান উৎসটি চালু করার ঐতিহাসিক উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সর্বপ্রথম বাংলাদেশি শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, ব্যাংকিং লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে তার সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির কারণে ট্রান্সফার খরচ কমেছে।
বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে বাংলাদেশ সরকার নিয়মিত নগদ সহায়তা বা প্রণোদনা প্রদান করে আসছে।
কম খরচে ও নিরাপদে রেমিট্যান্স পাঠানোর জন্য এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় সার্কুলার জারি করা হয়েছে।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও তা নিরবচ্ছিন্ন রাখতে নতুন নতুন ধারণা, প্রযুক্তি ও নিরাপদ মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।




















