ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে, হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠ এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এসব বিস্ফোরণ ঘটে।
সিনেট ভবন গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিকট শব্দে সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর পরপরই অল্প সময়ের ব্যবধানে মুহসীন হলের মাঠের দিক থেকে দ্বিতীয় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর মাত্র এক থেকে দুই মিনিট পর টিএসসি এলাকায় আরো একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রথম ককটেল বিস্ফোরণের সময় এই প্রতিবেদক সিনেট ভবন এলাকায় উপস্থিত ছিলেন এবং তিনিও বিকট শব্দ শুনতে পান।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও প্রাথমিকভাবে কিছু জানা সম্ভব হয়নি।




















