২৫ অক্টোবর বার্মিংহামে বসছে চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড
রাজু আহমেদ, বিশেষ প্রতিনিধি মিডল্যান্ড যুক্তরাজ্য: ক্তরাজ্যে বসবাসরত সফল ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের সম্মাননা জানাতে আগামী ২৫ অক্টোবর বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড’। দীর্ঘ সাত বছর পর ফিরছে এ আয়োজন। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে আয়োজক সংগঠন দেশ ফাউন্ডেশন।
দীর্ঘ সাত বছর পর আবারো বর্ণিল সাজে ফিরছে ব্রিটিশ বাংলাদেশী বিজনেস এওয়ার্ডের চতুর্থ আসর।
আগামী ২৫ অক্টোবর বার্মিংহামের ঐতিহ্যবাহী বিংলি হলে বসবে সফল প্রবাসী ব্যবসায়ীদের এই মিলনমেলা। অনুষ্ঠিতব্য এ আয়োজনে সফল প্রবাসী ব্যবসায়ীদের পাশাপাশি স্টার্টআপ ও উদীয়মান তরুণ উদ্যোক্তাদেরও স্বীকৃতি দেওয়া হবে। এবারের অনুষ্ঠানের মূল স্পন্সর হিসেবে রয়েছে গ্লোবাল লার্নিং পাথওয়ে লিমিটেড।
অনুষ্ঠান সামনে রেখে বার্মিংহামে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন দেশ ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান ড. মিসবাউর রহমান। মিডিয়া কো-অর্ডিনেটর বদরুল আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ও ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ।
বক্তারা জানান, ২০১৫ সালে যাত্রা শুরু করা এ সম্মানজনক আয়োজনের আগের আসরে ব্রিটিশ প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। এবারের আয়োজনে ৩৩টির বেশি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। আয়োজন সফল করতে ইতোমধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে রোড শো এবং লন্ডনে প্রেস ব্রিফিং সম্পন্ন করেছে দেশ ফাউন্ডেশন ইউকে।




















