প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
রিমন হোসেন, সৌদি আরবঃ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের UN Bilateral Booth (GAL-7)-এ এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং জনশক্তি ও উন্নয়ন খাতে অংশীদারত্ব জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-সৌদি সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সৌদি আরবের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন বলে জানানো হয়েছে।




















