ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ, ‘ভয়াবহ সংকটে’ ইয়েমেন
ইয়েমেনে কয়েক সপ্তাহের মধ্যে ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। শুধুমাত্র পরনের কাপড় নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে।
এ অবস্থায় দেশটিতে বর্তমানে ‘ভয়াবহ সংকট’ চলছে বলে সতর্ক করেছেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) এক মানবিক সহায়তাকর্মী। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এনআরসির কর্মী অ্যালিসন বটমলি বলেন, পরিস্থিতির অবনতি শুরু হওয়ার পর বহু মানুষ কোনো সম্পদ ছাড়াই নিজেদের ঘর ছেড়ে পালিয়েছেন।
তিনি জানান, অনেক পরিবার গভীর রাতে শুধু পরনের কাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ১০ থেকে ১৫ কিলোমিটার হেঁটে যাচ্ছে। বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হওয়ায় প্রয়োজনীয় সহায়তার সংকটও দেখা দিয়েছে।
বটমলি বলেন, অনেক পরিবার রাতে গাছের নিচে ঘুমাচ্ছে। স্থানীয় মানুষ সহযোগিতার চেষ্টা করলেও বাস্তুচ্যুত প্রত্যেক মানুষের জন্য তাৎক্ষণিকভাবে আশ্রয়, পানি ও খাবার প্রয়োজন।




















