নিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস সোমবার ‘ট্রাম্প টিভি’ নামে একটি নতুন ২৪ ঘণ্টার ভিডিও সম্প্রচার প্ল্যাটফর্ম চালু করেছে। সপ্তাহের সাত দিনই এই প্ল্যাটফর্মে সম্প্রচার চলবে।
এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের গুরুত্বপূর্ণ বক্তব্য, বিভিন্ন অনুষ্ঠান, প্রশাসনের ঘোষণা এবং সর্বশেষ আপডেট দেখানো হবে।
এএনআই নিউজ জানায়, হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ভিডিও ও বক্তব্য এক জায়গায় তুলে ধরাই এই প্ল্যাটফর্মের লক্ষ্য। এখানে আগের গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিওর পাশাপাশি নতুন ঘোষণা ও প্রশাসনের আপডেটও প্রচার করা হবে। হোয়াইট হাউস বলেছে, যেসব গুরুত্বপূর্ণ ঘটনা সাধারণ টেলিভিশনে দেখানো হয়নি, সেগুলোও এই প্ল্যাটফর্মে দেখা যাবে।
চালুর ঘোষণা হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘ট্রাম্প টিভি’ এখন সরাসরি সম্প্রচারে এসেছে। এটি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন চলবে এবং নিয়মিত হালনাগাদ করা হবে। ট্রাম্পের আগের গুরুত্বপূর্ণ মুহূর্ত, বিভিন্ন ঘোষণা এবং প্রশাসনের সর্বশেষ খবর এখানে একসঙ্গে পাওয়া যাবে।
চালুর পরপরই প্ল্যাটফর্মটিতে ট্রাম্পের আগের বিভিন্ন জনসম্মুখে উপস্থিতি ও বক্তব্যের ভিডিও দেখানো হয়। এর মধ্যে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার অনুষ্ঠানও ছিল।
হোয়াইট হাউস ও কয়েকটি বড় সংবাদমাধ্যমের মধ্যে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে বিরোধের মধ্যেই নতুন এই প্ল্যাটফর্ম চালু হলো। গত শুক্রবার ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস, এনওডব্লিউ ও পলিটিকো-এর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করে। এরপর ওই তিন সংবাদমাধ্যম ফেডারেল আদালতে প্রশাসনের বিরুদ্ধে মামলা করে।
মামলায় সংবাদমাধ্যমগুলো অভিযোগ করেছে, তাদের খবর প্রকাশের ধরন পছন্দ না হওয়ায় হোয়াইট হাউস তাদের সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করেছে। তাদের দাবি, কোনো সংবাদমাধ্যম কিভাবে খবর প্রকাশ করছে, সেটিকে সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়ার ভিত্তি করা যায় না। ট্রাম্প অবশ্য এই নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, সংবাদমাধ্যমের দায়িত্ব হলো নিরপেক্ষভাবে খবর প্রকাশ করা। তার দাবি, যেসব সংবাদমাধ্যম ‘ভুয়া খবর’ প্রকাশ করে, তাদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি না দেওয়ার অধিকার প্রশাসনের রয়েছে।
হোয়াইট হাউসও নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিয়েছে। প্রশাসনের বক্তব্য, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী সংবাদমাধ্যমকে খবর প্রকাশের অধিকার দেয়। তবে এর অর্থ এই নয় যে, প্রতিটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসের প্রাঙ্গণ, ব্রিফিং কক্ষ বা প্রেস পুলে প্রবেশের নিশ্চয়তা দিতে হবে। এই বিরোধের প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলেও। প্রেসিডেন্টের বিভিন্ন অনুষ্ঠান ও সফরের ভিডিও ধারণ করে তা অন্য সংবাদমাধ্যমগুলোর মধ্যে ভাগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা চালু আছে। সাধারণত এবিসি,সিবিএস, সিএনএন, ফক্স ও এনবিসি পালাক্রমে এই দায়িত্ব পালন করে। সিএনএন, এমএস, এনওডব্লিউ ও পলিটিকো-কে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার পর টেলিভিশন প্রেস পুলের কার্যক্রমও স্থগিত করা হয়েছে। ফলে প্রেসিডেন্টের বিভিন্ন কর্মসূচির ভিডিও কভারেজ নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।




















