সিলেটে টানা ৪ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
সিলেট বিভাগে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দেয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানায়, আগামী শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়ে তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সিলেটসহ আশপাশের এলাকায় অল্প সময়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ ধরনের ভারী বর্ষণের কারণে সিলেট মহানগরের নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
বিশেষ করে যেসব এলাকায় পানি নিষ্কাশনব্যবস্থা দুর্বল বা ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সেখানে ভোগান্তির আশঙ্কা বেশি।
স্থানীয় সূত্রগুলো বলছে, টানা বৃষ্টিপাত হলে নগরের সড়কগুলোতে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। একই সাথে বাসাবাড়িতে পানি ঢুকে পড়ার ঝুঁকিও রয়েছে অনেক এলাকায়।
এদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেট অঞ্চলের হাওর ও নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি জলাবদ্ধতা বা আগাম বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
সিলেটে জুড়ে আবহাওয়ার পূর্বাভাস উদ্বেগজনক। আগামী কয়েকদিনের মধ্যে সুনামগঞ্জে অতি ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে হাওরের বোরো ফসল রক্ষায় আগামী ২৮ এপ্রিলের মধ্যে ৮০ শতাংশ পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো: মামুন হাওলাদার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জারি করেন।




















