ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ, নির্যাতনের অভিযোগ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এক তরুণকে অপহরণ ও নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্তদের নেতৃত্বে রয়েছেন জাওয়াদ আহমেদ আকিব। তার সঙ্গে ফারহান, সোহান ও মাহদিসহ আরও ৮–১০ জন এ ঘটনায় জড়িত বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে ঘিলাছড়া এলাকা থেকে সোহেল আহমদের ছোট ছেলে ফরহাদ আহমদকে কৌশলে বাড়ি থেকে ডেকে বের করে রাস্তায় নিয়ে যায় ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়।
এ সময় ভুক্তভোগীর কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র লুট করে নেয় তারা। এমনকি মোবাইল থেকে ব্যক্তিগত ছবি রেখে দেওয়া এবং নির্যাতনের সময় ভিডিও ধারণ করার অভিযোগও উঠেছে। বাধা দিলে ফরহাদকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে জানা গেছে। নির্যাতনের একপর্যায়ে ফরহাদ অচেতন হয়ে পড়লে তাকে ফেঞ্চুগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, সিলেট ও কুলাউড়া অঞ্চলে একদল উচ্ছৃঙ্খল তরুণ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করে এবং বিলাসবহুল জীবনযাপন করে থাকে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের গ্যাং কার্যক্রমের কারণে শিক্ষার্থীরাও নিরাপদে চলাচল করতে পারছে না।
এদিকে, থানায় মামলা দায়েরের পর ঘটনাটি তদন্তাধীন রয়েছে। দুই এলাকার মুরব্বিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানা গেছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে ভিডিও ভাইরাল করার হুমকির অভিযোগ উঠেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।




















