ট্রাম্প পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ মার্কিন গভর্নরের
ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই পরিপ্রেক্ষিতে দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুর’ হিসেবে উপহাস করেছেন।
প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর গত বৃহস্পতিবার তেলের দাম আবারও ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছায়। এই পরিস্থিতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, তারা দেশগুলোকে বর্তমানে ‘সমুদ্রে আটকে থাকা’ রুশ তেল কেনার অনুমতি দেবে।
ট্রেজারি বিভাগের এই ঘোষণার প্রতিক্রিয়ায় নিউসামের প্রেস অফিস একটি এআই-জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি) ছবি শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে পুতিন ট্রাম্পকে কুকুরের মতো হাঁটাচ্ছেন। ছবিতে ট্রাম্পকে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা যাচ্ছে এবং তার গলায় একটি শিকল বাঁধা, যার নিয়ন্ত্রণ পুতিনের হাতে।
বৃহস্পতিবার রাতে এক্স-এ (সাবেক টুইটার) এই নতুন পদক্ষেপের কথা ঘোষণা করার সময় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘ট্রাম্প বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং তেলের দাম কম রাখতে এই বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছেন, কারণ আমরা সন্ত্রাসী ইরানি শাসনের তৈরি করা হুমকি ও অস্থিরতা মোকাবিলা করছি।’
তিনি আরও জানান, ‘এই স্বল্পমেয়াদী ব্যবস্থা… রুশ সরকারকে খুব একটা উল্লেখযোগ্য আর্থিক সুবিধা দেবে না।’
এর আগে সোমবার তেলের দাম লাফিয়ে ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছানোর পর বৃহস্পতিবার ইরান যুদ্ধের প্রভাবে তা আবারও ১০০ ডলারে ফিরে আসে।
তেল বাজারের এই অনিশ্চয়তার পেছনে মূল কারণ হলো মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং হুমকি দিয়েছে যে কোনো জাহাজ পারাপারের চেষ্টা করলে তারা হামলা চালাবে।
ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ভারতকে ৪ এপ্রিল পর্যন্ত রুশ তেল কেনার অনুমতি দিয়েছে এবং তেলের দাম নিয়ন্ত্রণে মার্কিন রিজার্ভ থেকে তেল ব্যবহারের পরিকল্পনা ঘোষণা করেছে।




















