মৌলভীবাজারে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই খুন
তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মৌলভীবাজারে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তামিম আহমেদ (১৯) নামের তার ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরতলির সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকারী বড় ভাইয়ের নাম হানিফ আহমেদ।
নিহত তামিমের বোন সাথি আক্তার বলেন, তামিম তার ভাতিজা হানিফের ছেলেকে একটা থাপ্পড় মেরেছিল।
পরে হানিফ এসে তামিমের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায় হানিফ তামিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তামিমকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, হানিফ সবসময় পরিবারের সবাইকে অত্যাচার করতেন।
এর জন্য ৫ মাস আগে থাকে সবাই আলাদা করে দেয়। তার স্বভাব চরিত্র খুবই খারাপ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে আছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই তামিমকে হত্যা করেন।




















