সিলেটে ছিনতাইয়ের চেষ্টাকালে দুইজন আটক
সিলেটে দিনদুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরের তালতলা এলাকায় পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল–এর সামনে থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
আটক ব্যক্তিরা হলেন— দক্ষিণ সুরমার তেলিবাজার বাইপাস এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ইকবাল হোসেন শফিক (২৭) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার চিকনিচর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবু রায়হান আব্দুল্লাহ (২৬)। আব্দুল্লাহ নগরের মেজরটিলা এলাকার সৈয়দপুর কালা মিয়ার কলোনিতে বসবাস করতেন।
এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে অটোরিকশায় এসে ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এ সময় পুলিশ তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি ছুরি ও ছিনতাইকাজে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।




















