বাবা হারালেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা
শোকের ছায়া নেমে এসেছে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে। গত ১৩ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন তাঁর বাবা সুনীল মালহোত্রা। কয়েক দিন পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে বাবার মৃত্যুসংবাদ জানান অভিনেতা।
বাবার প্রয়াণের পর স্মৃতিচারণা করেছেন তাঁর স্ত্রী কিয়ারা আদভানি-ও। বুধবার শ্বশুরকে নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
বিয়ের দিনের একটি ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, ‘প্রথম দিন থেকেই উষ্ণ অভ্যর্থনায় আমাকে নিজের করে নিয়েছিলে। কখনো কিছুর কমতি ছিল না। স্নেহ-ভালোবাসায় আমাকে পরিবারের একজন করে নিয়েছিলে।
তোমার পরিবারের প্রতি তোমার ভালোবাসা, দায়বদ্ধতাই ছিল তোমার জীবনের সব কিছু। সবার ছোট ছোট জিনিসের দিকে তুমি বরাবর নজর রেখেছ। পরিবারের সবার জন্য সবটুকু উজাড় করে দিয়ে গিয়েছ। কিন্তু পরিবর্তে চাওনি কিছুই।
তোমার হাসি, প্রাণোচ্ছ্বল স্বভাব, তোমার শক্তি, সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা— এই সব কিছুই থেকে যাবে তোমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে। ভীষণ মনে পড়বে তোমায়। চিরশান্তিতে থেকো।
এর আগে বাবার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে সিদ্ধার্থ লিখেছিলেন, ‘তুমিই আমার জীবনের শক্তি ছিলে বাবা। তোমার উপস্থিতি অনেক মূল্যবান ছিল আমাদের কাছে।




















